খেলাধুলা

এই সিরিজেও কি পানি টানতে হবে সৌম্যকে?

পাকিস্তানের বিপক্ষে গত মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরো সময়েই ডাগআউটে বসে থাকতে হয়েছে। অথচ ওই সিরিজের আগের ম্যাচেই ৯১ রান করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ফলে পাকিস্তান সিরিজে সৌম্য সরকারের সুযোগ না পাওয়াতে টিম ম্যানেজমেন্ট সমালোচনার মুখেও পড়েছিল।

Advertisement

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজেও ভাগ্য বদলাচ্ছে না সৌম্যর। হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে আভাস দিয়ে গেছেন, সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের কাঁধেই থাকছে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব।

বুধবার সংবাদ সম্মেলনে আসা সিমন্সের কাছে জানতে চাওয়া হয় ওপেনিং জুটি কি চূড়ান্ত হয়ে গেছে। কারণ, গত সিরিজে সাইফ হাসান ভালো খেলতে পারেননি। তিন ম্যাচে করেন মাত্র ৫২ রান। অন্যদিকে আগের সিরিজের শেষ ম্যাচের সেরা খেলোয়াড় সৌম্য সুযোগই পাচ্ছেন না।

তবে গত ১৩ এপ্রিল নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ১৩৩ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সাইফ। যেখানে ৫০ ওভারে তাকে কেউ আউটই করতে পারেননি। ওপেনিং জুটি নিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় আমরা মোটামুটি স্থির হয়েছি। সাম্প্রতিক সময়ে একটি ভালো পার্টনারশিপ হয়েছে। আর এখানে প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে যে সে আমাদের প্রত্যাশা অনুযায়ী ফিরে আসছে। তাই আপাতত আমরা স্থির আছি।’

Advertisement

আর সৌম্যকে নিয়ে সিমন্সের মূল্যায়ন, ‘আমার ভাবনা এখনো একই। সৌম্য খুবই ভালো খেলোয়াড়। সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল; কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল ও বিসিএলের আগে সে অনেক ক্রিকেট মিস করেছিল। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে অন্যরা ভালো করেছে। তাই তাকে আবার জায়গা ফিরে পেতে চেষ্টা চালিয়ে যেতে হবে।’

পিএসএলে রিশাদ খুব ভালো করতে পারেনি। তাকে নিয়ে সিমন্স বলেন, ‘সে এখনো তার খেলাটা শিখছে। আমরা জানি লেগ স্পিনারদের ক্ষেত্রেও মাঝে মাঝে খারাপ সময় আসে, এমনকি বড়দের ক্ষেত্রেও। সে কঠোর পরিশ্রম করছে এবং আশা করি এই সিরিজে আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মতো পারফরম্যান্সে ফিরবে।’

এসকেডি/আইএইচএস

Advertisement