দেশজুড়ে

কালোবাজারে তেল বিক্রি করায় মাদরাসাশিক্ষককে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া হাটে কালোবাজারে তেল বিক্রির দায়ে আব্দুল মতিন নামের এক মাদরাসাশিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল এ দণ্ড দেন। এসময় তার বাসা থেকে অবৈধভাবে মজুত করা আট লিটার অকটেন জব্দ করা হয়।

আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুত করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গোয়েন্দা সংস্থার দুই সদস্য ক্রেতা সেজে তার কাছে যান এবং দুই লিটার অকটেন বেশি মূল্যে সংগ্রহ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।

Advertisement

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। অভিযানে ওই বাসা থেকে আট লিটার অকটেন জব্দ করা হয়। এসময় কালোবাজারে তেল বিক্রির অপরাধে আব্দুল মতিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করে ‎নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন পাল বলেন, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

Advertisement