বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অবৈধ নিয়োগ ও পদন্নোতির ঘটনায় রিটকারী দুই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বৃহস্পতিবার জানান, রুলে বিটিআরসির মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক স্বাক্ষরিত বিগত ৩১ মার্চ এবং ২ এপ্রিলের বদলির আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া হাইকোর্ট পৃথক তারিখের বদলির আদেশের কার্যকারিতা আগামী দুই মাসের জন্য স্থগিত করেন।
তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া ২৯ জন জুনিয়র পরামর্শককে রাজস্ব খাতের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও দুর্নীতি এবং ওই সব কর্মকর্তাকে তাড়াহুড়াে করে পদোন্নতি প্রদানের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বাদী বিটিআরসির ছয়জন ডেপুটি পরিচালকের মধ্যে দুজন সঞ্জিব কুমার সিংহ ও এস এম আফজাল রেজাকে অন্যায় এবং বিধিবহির্ভূতভাবে ঢাকার বাইরে বদলির আদেশের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
Advertisement
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অডিট উইংয়ের যুগ্ম পরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রশাসন বিভাগের মহাপরিচালক, প্রশাসন বিভাগের পরিচালক ও মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।
এফএইচ/এএমএ