দেশজুড়ে

বরিশালে ২৪ ঘণ্টায় হামে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১২৯

বরিশালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আয়েশা নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে নতুন করে ১২৯ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৪১ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় বিয়ষটি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৩০ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এছাড়া পটুয়াখালীতে ১৮, ভোলায় ১১, পিরোজপুরে ১১ এবং বরগুনায় ৩৩ শিশু আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল জেলার দুই, বরগুনায় তিন, ঝালকাঠিতে দুই এবং ভোলা জেলায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক হাজার আট শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, হাম পরিস্থিতি গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত তদারকি চলছে।

তিনি আরও বলেন, বিভাগে হামের টিকার কোনো সংকট নেই এবং চলমান ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া অব্যাহত রয়েছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে।

শাওন খান/এএইচ/এএসএম

Advertisement