কাগজ-কলমের নানা সমীকরণে নিভুনিভু সম্ভাবনা থাকলেও বাস্তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন আগেই শেষ মোহামেডানের। এক এক করে টানা ৭ ম্যাচে জয়হীন থাকার পর সাদা-কালোরা নামতে থাকে পয়েন্ট টেবিলের নিচের দিকে।
Advertisement
দ্বাদশ রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে হারের পর মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদ কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে মৌসুমের বাকি সময় ডাগআউট সামলানোর দায়িত্ব দিয়েছে এতদিন সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আবদুল কাইয়ুম সেন্টুকে।
আলফাজযুগের অবসানের পর শুক্রবার প্রথম ম্যাচ খেললো মোহামেডান। হোমভেন্যু কুমিল্লার ভাষা শাহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়ে জয়ে ফিরেছে।
পঞ্চম রাউন্ডে পিডব্লিউডির বিপক্ষে জয়ের ৭ ম্যাচ পর আবার পূর্ণ পয়েন্ট পেলো মোহামেডান। সেন্টুর নেতৃত্বে মোহামেডান অবনমন অঞ্চল থেকে উঠে আসার ইঙ্গিত দিচ্ছে।
Advertisement
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর সাদাকালো সমর্থকদের মধ্যে সংশয় জেগেছিল। তাহলে কোচ বদলিয়েও জয়ে ফিরতে পারবে না তাদের প্রিয় দল!
সেই সংশয় প্রথমে দূর করেন ৬০ মিনিটে জয় আহমেদ। তার গোলে লিড নেওয়ার পর মোহামেডানের আত্মবিশ্বাস যেন বেড়ে যায়। প্রথম লেগে মোহামেডানকে ২-০ গোলে হারানো ইয়ংমেন্স সময় অতিক্রমের সাথে সাথে কোনঠাসা হয়ে পড়তে থাকে এবং আরো দুটি গোল খেয়ে বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে।
মোহামেডান শেষ দুটি গোল আদায় করেছে ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে জুয়েল মিয়া ব্যবধান দ্বিগুণ করেন এবং ষষ্ঠ মিনিটে রাফায়েল টুডুর গোল মোহামেডানের জয়ের ব্যবধান ৩-০ করে।
১৩ রাউন্ড শেষে মোহামেডানের পয়েন্ট ১৪। টেবিলে সাদাকালোরা ষষ্ঠ স্থানে। শনিবার পিডব্লিউডির বিরুদ্ধে ব্রাদার্স জিতলে মোহামেডানকে নেমে যেতে হবে সাতে।
Advertisement
আরআই/এমএমআর