বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর ছন্দপতন হয় ২০১৮ সালে শক্তিশালী দল নিয়ে বসুন্ধরা কিংসের আগমনের পর। তারপর আকাশি-নীলরা আর চ্যাম্পিয়ন হতে পারেনি। গত মৌসুমে তারা লিগ শেষ করেছিল দুইয়ে থেকে।
Advertisement
এবার আবাহনী লিগ শিরোপা পুনরুদ্ধারে মরিয়া। লিগের ১৩ রাউন্ড শেষ হওয়ার পর আবাহনী শীর্ষে থাকা কিংস থেকে দূরত্ব কমিয়ে আনেছে। শনিবার পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে মারুফুল হকের দল। এ নিয়ে সাবেক চ্যাম্পিয়নরা জিতলো টানা পাঁচ ম্যাচ।
৩৩ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী এগিয়ে গেলেও বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগে ম্যাচে সমতা ফেরান পুলিশের এমএস বাবলু। ৫৮ মিনিটে আল-আমিন ও ৭৮ মিনিটে মোরসালিনের গোলে আবাহনীর জয় সহজ হয়।
এ ম্যাচে দুটি লালকার্ড হয়েছে। আবাহনীকে দ্বিতীয় গোল উপহার দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড (লাল) দেখে মাঠ ছাড়েন মোরসালিন। পুলিশের দুই হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন শরিফ নিরব।
Advertisement
১৩ ম্যাচে আবাহনীর এটি সপ্তম জয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা যৌথভাবে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ফর্টিস এফসির সাথে। ২৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে বসুন্ধরা কিংস। শুক্রবার তারা ১-১ গোলে ড্র করেছে রহমতগঞ্জের বিপক্ষে। এ ম্যাচেও দুটি লালকার্ড হয়েছে। কিংসের ফয়সাল আহমেদ ফাহিম ও রহমতগঞ্জের অভিষেক লিম্বো দুটি হলুদকার্ড দেখে মাঠ ছাড়েন।
১৩ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে লিড নিলেও ধরে রাখতে পারেনি কিংস। ৪২ মিনিটে রহমতগঞ্জের আরনেস্ট বোয়েটাং গোল করে দলকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দেন। ১৩ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রহমতগঞ্জ।
অন্য দিকে আরামবাগের বিপক্ষে গোলশূন্য ড্র করে কিংসের সাথে দূরত্ব কমানোর সুযোগ নষ্ট করেছে ফর্টিস এফসি। শেষ তিন ম্যাচে ৫ পয়েন্ট হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা থেকে দূরে সরে যাচ্ছে ফর্টিস।
আরআই/এমএমআর
Advertisement