হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছে মোট ১১৭ শিশু।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ১৮ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৭৭ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ১০ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৪৪৭ শিশু। সেখানে মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সব শিশুদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম