পশ্চিমবঙ্গের বিধানসভার প্রথম দফার নির্বাচন হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফা নির্বাচনের আগে ভারতের তদন্তকারী সংস্থা ইডির পর আয়কর দফতরের (আইটি) নজরে কলকাতার রাসবিহারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার।
Advertisement
শুক্রবার (১৭ এপ্রিল) আর্থিক প্রতারণা মামলার তদন্তে তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের বাড়ি এবং নির্বাচনি কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি আয়কর দফতর (আইটি)। এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
তার অভিযোগ, আপনারা এখন কালো রুপি নিয়ে বাংলায় বসে আছেন। আর তৃণমূল কংগ্রেসের দলের কার্যালয়ে অভিযান চালাচ্ছেন, দলের প্রার্থীদের বাড়ি গিয়ে অভিযান করছেন। আমার প্লেনে অভিযান চালাতে আসছে, নির্লজ্জ, বেহায়া একটা রাজনৈতিক দল। সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ। ওদের বিসর্জন দিন।
এদিন তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে যখন কেন্দ্রীয় এজেন্সির অভিযান চলছে তখন কোচবিহারে রাসমেলা ময়দানে নির্বাচনি প্রচারে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জী। সেখান থেকেই কেন্দ্রকে নিশানা করেন তিনি।
Advertisement
মমতা বলেন, ইডি, সিবিআই, এনআইএ, আয়কর দফতর- সবাইকে একপক্ষ করে দিয়েছে। এই জিনিস আমি কোনদিন দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি সাতবার সংসদ সদস্য হয়েছি। কিন্তু এরকম প্রধানমন্ত্রী কখনো দেখিনি। আরেকজন মোটা ভাই। তোমরা বাংলাকে টার্গেট করেছ, বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে। বাংলাকে ইংরেজরা পারেনি। তোমরাও পারবেনা। বাংলাই ভারতকে পথ দেখাবে। আগামী দিন বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবো।
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর দাবি, বিজেপি বাঙালি বিদ্বেষী। ওরা বাংলার মানুষকে পছন্দ করে না। বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করা হয়। বাংলার মানুষকে খুন করা হয়, বাংলার মানুষকে দেখে দেখে ভোট কাটা হয়।
এদিনের সভা থেকে মোদিকে তিনটি প্রশ্ন ছোড়েন মুখ্যমন্ত্রী মমতা। তার প্রশ্ন, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২ কোটি মানুষকে চাকরি দেবেন? কিন্তু গত ১২ বছরে একটা লোককেও কি চাকরি দিয়েছে? নির্বাচনের আগে মোদি বাবু ১৫ লাখ রুপি করে প্রত্যেক মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন। আপনারা কি একজনও পেয়েছেন? নোট বাতিল করে আপনি বলেছিলেন দেশে কালো রুপি ফিরিয়ে আনবেন, আপনি কারো রুপি ফিরিয়ে আনতে পেরেছিলেন?
ডিডি/টিটিএন
Advertisement