রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের প্রলোভন থেকে রক্ষা পেয়েছেন এক সেবাপ্রত্যাশী রোগী। এ সময় এক দালালকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটক দালালের নাম বাধন মিয়া (২৬)। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাসপাতালের ২১০ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, মাদারীপুরের মো. হেদায়েত হোসেন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে বাধন মিয়া নামের এক কথিত দালাল তার কাছে আসে। তিনি ১০ হাজার টাকার বিনিময়ে বাইরে একটি ক্লিনিকে উন্নত চিকিৎসার প্রলোভন দেন। তবে রোগী বিষয়টি সন্দেহজনক মনে করে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন।
এ সময় ওয়ার্ডে দায়িত্বরত হাসপাতাল গার্ডের অঙ্গীভূত আনসার সদস্যদের নজরে বিষয়টি আসে। তারা দ্রুত রোগীর কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে টহলরত অন্যান্য সদস্যদের অবহিত করেন।
Advertisement
পরে আনসার সদস্যরা সমন্বিত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ওই দালালকে হাতেনাতে আটক করেন। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উপস্থিত রোগী ও তাদের স্বজনরা আনসার সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বলে জানিয়েছেন আনসারের এই কর্মকর্তা।
টিটি/এমআরএম
Advertisement