রাজনীতি

জনগণের ভাষা বুঝুন, আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এটিএম আজহার

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ক্ষমতার দুই মাস পূর্ণ হওয়ার আগেই আজ জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে। রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না।

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ শেষে গণমিছিল রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সরকারের উদ্দেশে এটিএম আজহার বলেন, আপনারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গণভোটের রায় বাস্তবায়ন করবেন। কিন্তু ক্ষমতায় আসার পর এখন সংবিধানের দোহাই দিচ্ছেন। কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন, এমপি-মন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর একটা আপনাদের বিরুদ্ধে গেলে মানবেন না, এটা জনগণও মেনে নেবে না।

Advertisement

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে দেশের মানুষ ১৬ বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা যদি মনে করেন পেটুয়া বাহিনী দিয়ে আন্দোলন দমন করবেন, তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠতা কাউকে আজীবন ক্ষমতায় রাখে না। আওয়ামী লীগ ভুয়া নির্বাচন করে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও শেষ রক্ষা করতে পারেনি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, বর্তমান সরকারের নানা ব্যর্থতায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর তীব্র বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত। কিন্তু সরকারের সমালোচনা করলে নির্যাতনের শিকার হতে হয়। সরকারকে কঠিন ভাষায় কথা বললে তো কাল আবার বাসায় হামলা করবে। তাই বিনয়ের সঙ্গেই জিজ্ঞাসা করছি, এতই যদি জ্বালানি মজুত থাকে, তবে তেলের জন্য কেন দীর্ঘ লাইন? এই মজুত আপনারা কোথায় রেখেছেন? নতুন ‘হাওয়া ভবন’ কোথায় সৃষ্টি করেছেন?

অব্যাহত প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমাকে যারা প্রতিদিন প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছেন, তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুঁকে ধুঁকে মরবো না। আল্লাহ নির্ধারিত সময়েই মৃত্যু দেবেন। তার আগ পর্যন্ত ইনসাফের লড়াই চালিয়ে যাবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, এবি পার্টির সহ-সভাপতি ড. ওহাব মিনার, ডেভেলপমেন্টমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন চাঁন, বাংলাদেশ লেবার পার্টির নেতা খন্দকার মেরাজুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী প্রমুখ।

Advertisement

আরএএস/ইএ