আইন-আদালত

গ্রেফতার হাসান নাসিম কারাগারে, রিমান্ড নামঞ্জুর

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগে করা মামলায় গ্রেফতার এ এম হাসান নাসিমকে (৩৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে।

Advertisement

শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে আসামিকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) রায়হানুর রহমান। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন- উভয় আবেদনই নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রোববার (১৯ এপ্রিল) জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানান আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিফ হুইপকে উদ্দেশ্য করে একটি ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়। এ ঘটনায় মো. নজরুল ইসলাম নামের একজন গুলশান থানায় অভিযোগ দেন।

Advertisement

এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে গুলশান-২ এলাকার একটি বাসায় অবস্থানকালে বাদী দেখতে পান, একটি ফেসবুক আইডি থেকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। একই সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ওই পোস্টগুলোর স্ক্রিনশট পাঠিয়ে অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করা হয়।

এ অভিযোগের ভিত্তিতে মামলার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে শের-ই-বাংলা নগর এলাকা থেকে হাসান নাসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এমডিএএ/একিউএফ

Advertisement