দেশজুড়ে

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

Advertisement

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় একই সময় ও স্থানে বিএনপির দুই গ্রুপ বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে সংঘর্ষ, জননিরাপত্তা বিঘ্ন এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

জারিকৃত আদেশে বলা হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র যেমন- দা, হাসুয়া, লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া, সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি লোকের একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ১৪৪ ধারার নির্দেশনা অমান্য করলে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

Advertisement

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহমেদ বলেন, ১৪৪ ধারা জারি করায় বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং আদেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর- তারাকান্দা) আসনের ধানের শীষের পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও একই আসনের ধানের মনোনয়নবঞ্চিত ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক যোবায়েদ হোসেন শাকিলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা হয়। এ কারণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/জেআইএম

Advertisement