পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশের নাহিদ রানা ও শরিফুল ইসলাম। দু’জনই জাতীয় দলের খেলা থাকায় পিএসএল থেকে দেশে ফিরেছেন সম্প্রতি।
Advertisement
পিএসএলের একটি ভিডিওতে দেখা যাচ্ছিল, পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরের কাছ থেকে কিছু একটা শেখার চেষ্টা করছেন শরিফুল। আজ (রোববার) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই আমিরের কাছ থেকে শেখার গল্প সবার সঙ্গে ভাগাভাগি করেন শরিফুল।
শরিফুল ও আমির, দুজনই বাঁ-হাতি পেসার। শরিফুলের শেখার আগ্রহে আমিরু দারুণভাবে সাড়া দিয়েছেন। আমিরের কাছ থেকে শেখার প্রশ্নে শরিফুল বলেন, ‘উনার (আমির) সাথে প্র্যাকটিস ম্যাচে কথা হচ্ছিল বোলিং এর কিছু টিপস নিচ্ছিলাম নতুন বলে এবং পুরনো বলে। উনি খুব ভালোভাবেই আমাকে সাহায্য করেছেন, এটা ভালো লাগছে।’
পিএসএল থেকে ফিরেই ১৬ মাসের অপেক্ষা শেষ হয়েছে শরিফুলের। মোস্তাফিজুর রহমানের চোটে শেষ মুহূর্তে পাওয়া সুযোগ কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে। ১০ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। শুরুতে তার হাত ধরেই ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। তবে উইকেটের আচরণ নিয়ে নানা আলোচনা আছে।
Advertisement
এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘আমরা যখন মিরপুরে খেলি তখন অনেক সময় ঘাসের ওপরে খেলতে হয়। এখানে আমরা যেমন চেয়েছিলাম আমাদের টিম ম্যানেজমেন্ট উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আরও ভালো হবে।’
সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচ। ফলে প্রচন্ড গরমেই ফিল্ডিং ও বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। এক্ষেত্রে টসকে গুরুত্বপুর্ণ মানছেন শরিফুল, ‘যে ওয়েদার আমার মনে হয় ওয়ানডে খেলাটা…, হুট করে এসে আমি টি টোয়েন্টি খেলে আসছি তারপরও আল্লাহর রহমতে মানিয়ে নিয়েছি। আমার মনে হয় টসটা একটু গুরুত্বপূর্ণ, দেখা যাক পরের ম্যাচে টস কি হয়।’
এসকেডি/আইএইচএস
Advertisement