খেলাধুলা

৫২ বলের সেঞ্চুরিতে সমালোচনার জবাব বাবরের

টি-টোয়েন্টিতে বাবর আজম চলে না। এই কথা কম শুনতে হয়নি তাকে। প্রতিনিয়ত হয়েছেন ট্রল ও সমালোচনার শিকার। অবশেষে সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৬৬ ইনিংস পর টি-টোয়েন্টি সংস্করণে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। সেঞ্চুরিটি করেন তিনি ৫২ বলে।

Advertisement

গতকাল রোববার বাবরের অপরাজিত ১০০ রানের ইনিংসে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১১৮ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে পেশোয়ার জালমি। এই জয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও জোরালো করলো বাবর আজমের দল।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আর ব্যাটে এসেছিল ৬ ম্যাচে মাত্র ৯১ রান। সমালোচিত হয়েছিলেন বিগ ব্যাশে মন্থর গতির ব্যাটিং করেও। সকল সমালোচনার জবাবের মঞ্চ বানিয়ে নিয়েছে পিএসএলকে। এর আগে খেলেছেন অপরাজিত ৮৭ এবং এরপর ৭১ রানের ইনিংস।

বাজে ফর্মের ভেতরই তার এই শতকটি ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি।

Advertisement

টস জিতে পেশোয়ার জালমি আগে ব্যাটিং করতে নেমে পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে। বাবরের সেঞ্চুরিতেই হয়েছে এতবড় সংগ্রহ। ইনিংসটি সাজান ৬টি চার, ৪টি ছক্কায়। এছাড়া বিধ্বংসী ইনিংস খেলেন কুশল মেন্ডিসও। করেন ৪৪ বলে ৮৩ রান।

পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে তাসের ঘরের মতো।মাত্র ৮২ রানেই ৭ উইকেট তারা পেশোয়ারের বোলারদের তোপে । শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানেই গুটিয়ে যায় কোয়েটার ইনিংস। ১১৮ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জালমি।

আইএন

Advertisement