জাতীয়

বৈশাখে কদম ফুল!

বৈশাখের তপ্ত দুপুর, চারপাশে ধুলোর উড়াউড়ি আর রোদে পুড়ে যাওয়া মাঠ। এমন সময়েই চোখে পড়লো কদম ফুল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেখা গেছে এই কদম ফুল ফোটার দৃশ্য।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) উদ্যান ঘুরে দেখা যায়, কয়েকটি গাছে হলদে-সাদা মিশ্রণের গোল বলের মতো কদম ফুল দোল খাচ্ছে। তীব্র তাপদাহের মধ্যেও এই ফুল যেন প্রকৃতিতে এনে দিয়েছে এক পশলা প্রশান্তি। চারপাশের ধুলোবালিময় গ্রীষ্মের রুক্ষতার ভেতরেও কদমের এই আগাম উপস্থিতি চোখে পড়ার মতো।

উদ্যানে ঘুরতে আসা এক শিশুকে দেখা যায় সযত্নে হাতে ধরে আছে একগুচ্ছ কদম ফুল। তার সেই নিষ্পাপ আনন্দ আর আগাম কদমের সৌন্দর্য পথচারীদের দৃষ্টি কাড়ে। কেউ থেমে দেখছেন, কেউবা ছবি তুলছেন— অপ্রত্যাশিত এই দৃশ্য যেন সবার মনেই কৌতূহল জাগাচ্ছে।

উদ্ভিদ বিষয়ক গবেষক মোকারম হোসেন বলেন, কদম ফুল বছরে তিনবার ফোটে। সাধারণত গ্রীষ্মকাল, বর্ষার শুরু ও বর্ষার শেষের দিকে ফুটে থাকে। কেউ হয়তো সেভাবে খেয়াল করে না। তাছাড়া কবি সাহিত্যিকরা তাদের লেখনীতে কদম ফুলকে বর্ষার ফুল হিসেবে বর্ণনা করায় অনেকেই কদমকে বর্ষার ফুল হিসেবে মনে করেন।

Advertisement

প্রকৃতিপ্রেমীরা বলছেন, এখন কদম ফোটা কিছুটা বিস্ময়কর হলেও এর সৌন্দর্য অস্বীকার করার উপায় নেই। ব্যস্ত নগর জীবনে এই ফুলগুলো যেন ক্ষণিকের জন্য হলেও এনে দিচ্ছে সতেজতার ছোঁয়া।

রাজধানীর এই ঐতিহাসিক উদ্যানে প্রকৃতির এমন খামখেয়ালি রূপ দেখতে ভিড় করছেন অনেকেই। বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক পাখির মতো মানুষও যেন আগাম কদম দেখে খুঁজে নিচ্ছেন বর্ষার আগমনী বার্তা।

এমইউ/এমআইএইচএস/

Advertisement