আন্তর্জাতিক

‘জয় বাংলা’ স্লোগান তৃণমূলের, বিজেপির পাল্টা ‘জয় শ্রী রাম’

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের স্লোগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ চলে এসেছে। বিধানসভা নির্বাচনে প্রচারে তৃণমূল কংগ্রেসের স্লোগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগানের পাল্টা স্লোগানে বিজেপির ‘জয় শ্রীরাম’ উচ্চারিত হয়েছে।

Advertisement

পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসা স্বাভাবিক হলেও এই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ বিধানসভা নির্বাচনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রায় সব পর্যায়ে নেতা ও কর্মীদের মুখে এই ‘জয় বাংলা’ স্লোগানটি শোনা যাচ্ছে। এছাড়াও দেওয়াল লিখনে সর্বত্র ব্যবহৃত হচ্ছে ‘জয় বাংলা’।

প্রত্যেকবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন স্লোগান তৈরি হয়। কিন্তু এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা পেয়েছে একটি স্লোগান ‘জয় বাংলা’। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগানের উপর ভর করেই বৈতরণি পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

এর আগেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকারি দল তৃণমূল কংগ্রেস বাংলাদেশের স্লোগান ‘খেলা হবে’ জনপ্রিয়তা পেয়েছিল। এবং ২০২১ সালের নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। ফলে এবারেরও নির্বাচনে ফের জায়গা করে নিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’।

 এই স্লোগানের বিপরীতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্ব এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জয় বাংলার স্লোগানের কাউন্টার দিতে দেখা গেছে।

 জয় বাংলা স্লোগানের বিপরীতে বিজেপি পাল্টা ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। এবারের বিধানসভা নির্বাচনে ইস্যুভিত্তিক আলোচনাতেও বাংলাদেশের নাম বার বার উঠেছে। কখনো অনুপ্রবেশ আবার কখনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস নিয়েও প্রশ্ন উঠেছে।

 সব মিলিয়ে এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ।

Advertisement

ডিডি/কেএম