স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ কারণে ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণে মন্ত্রীকে অভিনন্দন জানান।
Advertisement
এ সময় রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক বজায় রাখার পাশাপাশি তা আরও সম্প্রসারণে আগ্রহী।
তিনি বলেন, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। অভিবাসন ইস্যুটি দেশটির অগ্রাধিকার তালিকায় রয়েছে। আগামী জুন থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে, যার ফলে নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
আরও পড়ুনযৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেরামত হয়েছে এলএনজি টার্মিনাল, দ্রুতই গ্যাস সরবরাহ স্বাভাবিক
বৈঠকে জানানো হয়, নিরাপদ অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।
Advertisement
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দনপত্র সালাহউদ্দিন আহমদের কাছে হস্তান্তর করেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে ইতালি সফরের আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী, ইতালি দূতাবাসের হেড অভ কনসুলার চ্যান্সেরি লরা শেলা প্রমুখ।
টিটি/কেএসআর