জাতীয়

শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি ঘোষণা

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে সভাপতি আতিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের পরিচালনায় এসময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতি আতিকুর রহমান বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের স্বার্থ, অধিকার, কল্যাণ ও শ্রমিক সমাজের সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে ভূমিকা পালন করে যাচ্ছে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালন করতে গিয়ে বিগত সময়ে আমাদের নেতাদের বারবার রাষ্ট্রীয় রোষানলে পড়তে হয়েছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই দীর্ঘ পথ চলায় শ্রমিকের স্বার্থ রক্ষা ও কল্যাণ সাধনায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই এক বিন্দু পরিমাণ পিছপা হয়নি এবং ভবিষ্যতেও শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামে আমরা পিছু হটবো না ইনশাআল্লাহ।

এ বছরের আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে আছে-

Advertisement

জেলা, উপজেলা ও থানার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ। জাতীয় ইউনিয়নগুলোর উদ্যোগে দেশব্যাপী শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা। ক্রাফট ফেডারেশনগুলোর উদ্যোগে শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা। ট্রেড ইউনিয়নগুলোর ব্যানারে র‌্যালি ও শ্রমিক সমাবেশ। ‘আন্তর্জাতিক শ্রমিক সমাবেশের ডাক’ লিফলেট সাধারণ শ্রমিকদের মধ্যে বিতরণ। কেন্দ্র, জেলা, মহানগরী, জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নগুলোর উদ্যোগে পোস্টারিং। মহানগরী, জেলা, উপজেলা, থানা ও ট্রেড ইউনিয়নগুলোর উদ্যোগে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানো। পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ, র‌্যালি ও সামষ্টিক বনভোজন আয়োজন করা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিয়ম। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। অসচ্ছল ও কর্মক্ষম শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া। বেকার শ্রমিকদের কর্মসংস্থানে সহায়তা দেওয়া। শ্রমিক পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ। সুবিধাবঞ্চিত শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ। ইমাম ও খতিবদের মধ্যে ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ সম্পর্কিত খুতবা বিতরণ।

ফেডারেশনের পক্ষ থেকে সব পর্যায়ের শাখা ও ট্রেড ইউনিয়ন নেতাদের ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।

আরএএস/একিউএফ