এতদিন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের জন্য জনপ্রিয় ছিল হোয়াটসঅ্যাপ। তবে এখন ব্যবহারকারীদের জন্য নতুন এক সাবস্ক্রিপশনভিত্তিক অভিজ্ঞতা আনতে যাচ্ছে এর মালিক প্রতিষ্ঠান মেটা। বিভিন্ন সূত্র বলছে, হোয়াটসঅ্যাপ প্লাস নামে একটি প্রিমিয়াম সংস্করণ চালুর প্রস্তুতি চলছে, যেখানে থাকবে একাধিক এক্সক্লুসিভ সুবিধা।
Advertisement
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি বাধ্যতামূলক নয়। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন নেবেন না, তারাও আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে বাড়তি কিছু বিশেষ ফিচার কেবল প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত থাকবে। নতুন এই পরিষেবার কার্যকারিতা যাচাই করতে এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের নিয়ে একটি বেটা প্রোগ্রাম চালু করা হয়েছে।
নতুন এই সংস্করণে ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি কাস্টমাইজেশনের সুযোগ পাবেন। যেমন-বর্তমানে যেখানে মাত্র তিনটি চ্যাট পিন করা যায়, সেখানে প্রিমিয়াম ব্যবহারকারীরা একসঙ্গে ২০টি চ্যাট পিন করে রাখতে পারবেন। এতে গুরুত্বপূর্ণ কথোপকথন সহজেই হাতের কাছে রাখা যাবে।
ডিজাইনের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। ব্যবহারকারীরা নিজের পছন্দমতো অ্যাপের থিম নির্বাচন করতে পারবেন। একাধিক রঙের অপশন যেমন ভাইব্র্যান্ট ব্লু, রয়্যাল পার্পলসহ মোট ১৮টি থিম ব্যবহার করে অ্যাপকে ব্যক্তিগত রুচি অনুযায়ী সাজানো যাবে। শুধু তাই নয়, অ্যাপ আইকনও বদলে নেওয়ার সুযোগ থাকবে, যেখানে প্রায় ১৪টি নতুন আইকন থেকে পছন্দ করা যাবে।
Advertisement
এছাড়া নতুন রিংটোন, প্রিমিয়াম স্টিকার প্যাক এবং বাল্ক চ্যাট ম্যানেজমেন্টের মতো সুবিধাও যুক্ত হচ্ছে। ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও ভিন্নমাত্রার হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অ্যাপের মূল সুবিধাগুলো অপরিবর্তিত থাকছে। যেমন-মেসেজিং, ভয়েস ও ভিডিও কল এবং এন্ড টু এন্ড এনক্রিপশন আগের মতোই বিনামূল্যে থাকবে। অর্থাৎ নিরাপত্তা ও যোগাযোগের মূল ফিচারগুলো ব্যবহার করতে কোনো সাবস্ক্রিপশন লাগবে না।
দামের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইউরোপে মাসিক প্রায় ২.৪৯ ইউরো, পাকিস্তানে ২২৯ রুপি এবং মেক্সিকোতে প্রায় ২৯ ডলারের মতো মূল্য নির্ধারণ করা হতে পারে। বাংলাদেশে কত টাকা তা এখনো জানা যায়নি।
আরও পড়ুনহোয়াটসঅ্যাপের মেসেজ ব্যাকআপ রাখা যাবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমেহোয়াটসঅ্যাপের সব চ্যাট পড়তে হবে না, সামারি জানাবে অ্যাপকেএসকে
Advertisement