কক্সবাজারের রামুর ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুস্তম আলীকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
Advertisement
পুলিশ বুধবার (২২ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে রশিদনগরের পানিরছড়া থেকে তাকে উদ্ধার করে বলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন।
এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রুস্তমকে পানেরছরা ঢালা এলাকা থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে ৩০-৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাকে ছেড়ে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
রুস্তম (৪১) রামুর ঈদগড়ের করলিয়ামুরা এলাকার মোহাম্মদ হোছনের ছেলে। তিনি ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে অপহরণের পর তার মোবাইল ফোন থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
Advertisement
ওসি মনিরুল জানান, ভোরে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যেতে বাইক নিয়ে রওনা দেন রুস্তম। পথে গতিরোধ করে তাকে অপহরণ করা হয়। স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে ওসি মনিরুলের নেতৃত্বে রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক দল দিনভর ঈদগড় এবং রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান চালায়। অভিযানকালে রাতে রশিদনগরের পানিরছড়া থেকে রুস্তমকে উদ্ধার করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরে তার অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি।
এসএএল/একিউএফ
Advertisement