নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’। হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় বেশ কিছু চমক নিয়ে সিনেমাটি নির্মাণ করছেন তিনি। এবার জানা গেল, এই সিনেমায় যুক্ত হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেনও। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
Advertisement
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা।
এর আগে নুহাশের পরিচালনায় ‘ষ’ ও ‘২ষ’ ওয়েব ধারাবাহিকেও কাজ করেছিলেন আফজাল হোসেন। সেই সময় নির্মাতার কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে নতুন এই সিনেমা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না অভিনেতা।
জানা গেছে, ইতোমধ্যে নিজের অংশের শুটিংও শেষ করেছেন তিনি।
Advertisement
এপ্রিলের শুরুতেই ‘মুভিং বাংলাদেশ’-এর চিত্রধারণ শুরু করেছেন নুহাশ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পুরো অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়নি। নির্মাতা শুটিং শেষে আনুষ্ঠানিকভাবে সব তথ্য জানাতে চান। এদিকে সিনেমাটির জন্য বহু নতুন মুখের অডিশন নেওয়া হয়েছে, সেখান থেকেই বাছাই করা হয়েছে মূল চরিত্রের শিল্পীদের।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন ও নানা চড়াই-উতরাইকে ঘিরে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু ব্যক্তিগত গল্প নয় বরং এর ভেতর দিয়ে উঠে আসবে সময়ের বাস্তবতা, তরুণদের লড়াই এবং সমাজের নানা দিক।
জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঘুরে চিত্রনাট্যটি পেয়েছে অনুদানও।
দেশের গুপী বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও যুক্ত রয়েছে এই সিনেমার প্রযোজনায়।
Advertisement
এলআইএ