চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী আবুল কাশেম ওরফে ‘নলা কাশেম’কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া তিনি জঙ্গল সলিমপুরে অভিযানে র্যাবের উপসহকারী পরিচালক-ডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া হত্যা মামলার আসামি।
Advertisement
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অন্যান্য সন্ত্রাসীদের সঙ্গে ত্রাসের রাজত্ব কায়েম করেন আবুল কাশেমও। এখানে তিনি খুন, ডাকাতি, জবরদখলসহ নানা ঘটনা ঘটিয়েছেন। এসব ঘটনায় বিভিন্ন সময় তার বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের হয়েছে।
ফলে তাকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে বুধবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হন।
Advertisement
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুর্ধর্ষ সন্ত্রাসী আবুল কাসেম ওরফে নলা কাসেমের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ১৫টি মামলা আছে। তাকে আমরা খুঁজছিলাম। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুর থেকে তাকে আমরা গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম