রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা ওয়াসায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
Advertisement
একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পূর্বাচল প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ প্রস্তাবটি উপস্থাপন করে।
Advertisement
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা ৩টি জেলার অন্তর্ভুক্ত হওয়ায় প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম অপর্যাপ্ত এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাগরিক সেবার প্রাপ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। এছাড়া, প্রকল্প এলাকা ঢাকা সিটি করপোরেশনভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নাগরিক সেবা, যেমন: জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ/সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ, মশক নিয়ন্ত্রণ প্রভৃতি কার্যক্রমের পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প এলাকাকে বসবাসের উপযোগী করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তকরণ আবশ্যক।
সেই সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বসবাসকারী নাগরিকদের জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ কার্যক্রম নিশ্চিতকল্পে প্রকল্প এলাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত করা প্রয়োজন। পূর্বাচল এলাকার কার্যকর, সুষ্ঠু পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য ঢাকা ওয়াসার অধিক্ষেত্রাধীন করা আবশ্যক। পূর্বাচল প্রকল্প এলাকার নাগরিক সুবিধাদি সম্প্রসারণের লক্ষ্যে এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা যৌক্তিক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবগুলো মন্ত্রিসভা নীতিগত অনুমোদন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএমএম/জেএইচ
Advertisement