দেশজুড়ে

শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনর্দখলকে কেন্দ্র করে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্রের মহড়া ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। তবে গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি জানান।

Advertisement

বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক। অন্যদিকে নগরীর রেলগেট এলাকায় অবস্থান নেন পাখির অনুসারীরা। এ সময় উভয় পক্ষের হাতেই রড, পাইপ ও দেশীয় অস্ত্রশস্ত্র দেখা যায়। বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে পাখির প্রায় দুই শতাধিক অনুসারী একটি মিছিলসহ শিরোইলের দিকে অগ্রসর হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাখির অনুসারীরা শিরোইল এলাকায় পৌঁছে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ও সশস্ত্র মহড়ার মুখে প্রতিপক্ষ শ্রমিকরা পিছু হটতে বাধ্য হন। এ সুযোগে পাখির অনুসারীরা কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন।

স্থানীয়দের অভিযোগ, পুরো সময়জুড়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কার্যকর কোনো ভূমিকা নেয়নি; বরং নীরব দর্শকের মতো ছিল। ঘটনার পর থেকে শিরোইল বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাজ করছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

মনির হোসেন মাহিন/কেএইচকে/জেআইএম