ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, চবিসাসের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন চবিসাসের সদস্যসহ ক্যাম্পাসের অন্যান্য সাংবাদিকরা।

মানববন্ধনে চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সাংবাদিকদের ওপর ছাত্রদল হামলা ও নির্যাতন শুরু করেছে। আপনারা যদি পেশিশক্তির মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে চান, তাহলে মনে রাখবেন আপনাদের পেশি শক্তি যদি হয় পাহাড় সমান, তাহলে সাংবাদিকদের কলমের শক্তি আকাশ সমান। আমরা আমাদের কলমের মাধ্যমে সকলের অন্যায়-অবিচার ও নির্যাতন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরবো। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, ঢাবির সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়; বরং এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক এবং কলঙ্কজনক ঘটনা হিসেবে থেকে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি দেশের সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে জাতীয় পর্যায়ে সাংবাদিক নেতৃত্ব গড়ে ওঠে।

Advertisement

তিনি আরও বলেন, এই ঘটনায় ছাত্রদলের কিছু নেতৃবৃন্দ জড়িত থাকার অভিযোগ রয়েছে। আমরা আশা করি, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের গঠিত তদন্ত কমিটির মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়সংগত তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঢাবি প্রশাসনও যেন অ্যাকাডেমিক ও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, থানার ভেতরে গিয়ে সাংবাদিক মারধরের মতো দুঃসাহসিক কাজ ইতঃপূর্বে কেউ করেনি। এই ঘটনায় অবশ্যই জড়িতদের চিহ্নিত করে আইনি বিচার নিশ্চিত করতে হবে।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এমএস

Advertisement