চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডিতে উড়ছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে একটি পদক জয়ও নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।
Advertisement
ম্যাচের শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা। তাইপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সাথে সাথেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে বড় ব্যবধানের এই জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে পুরুষ দল টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ আজ হেরেছে ইরানের কাছে ৪৭-৩১ পয়েন্টে।
Advertisement
আরআই/আইএইচএস/