জাতীয়

প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবি

প্রবাসীদের জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন নিশ্চিত করার দাবি জানিয়েছে ইতালবাংলা সমন্বয় উন্নয়ন সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ দাবি জানানো হয়।

Advertisement

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইতালবাংলা সমিতি ও বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন বলেন, প্রবাসীদের নাগরিক অধিকার নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। দেড় কোটি প্রবাসীর জন্য সংসদে অন্তত ৩৭-৩৮টি সংরক্ষিত আসন, অনলাইন বা দূতাবাসের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ‘প্রবাসী স্মার্ট কার্ড’ চালুর মাধ্যমে আর্থিক ও সামাজিক সুরক্ষা দিতে হবে।

তিনি বলেন, ২০০৩ সালে ইতালির শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হলেও দীর্ঘদিনের কূটনৈতিক স্থবিরতা ও দুর্বল তদারকির কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি। বর্তমানে ইউরোপে প্রায় ১ কোটি দক্ষ শ্রমিকের ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশি কর্মীদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে সীমিত রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে ইউরোপে প্রবেশ, এক দেশের ভিসা নিয়ে অন্য দেশে অবস্থান এবং আইন অমান্য করার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অনেক ক্ষেত্রে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement

সেমিনারে ‘মাস্টার প্ল্যান’ উপস্থাপন করে আগামী পাঁচ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ৩০০ শতাংশ বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।

এছাড়া সেমিনারে প্রধান প্রস্তাব হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ‘ইউরোপীয় উইং’ গঠনের দাবি জানানো হয়। এই উইংয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও বলকান অঞ্চলের দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করা এবং সরকার-টু-সরকার চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য বিশেষ কোটা নিশ্চিত করা সম্ভব হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মহিউদ্দিন আহমেদ ঝিন্টু। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন বিএমইটির পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) প্রকৌশলী মো. সালাহ উদ্দিন এবং উপ-পরিচালক (আইসিটি, পরিসংখ্যান ও গবেষণা) মোহাম্মদ আলী মর্তুজা, বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)-এর চেয়ারম্যান জয়নাল আবেদীন জয়।

আরএএস/এমআইএইচএস

Advertisement