সোমালিয়ার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করা হয়েছে এবং সেটিকে দেশটির জলসীমার ভেতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউএকেএমটিও।
Advertisement
সংস্থাটি জানায়, সোমালিয়ার মারেয়ো শহরের উত্তর-পূর্বে ট্যাংকারটি দখল করা হয়। পরে অননুমোদিত ব্যক্তিরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে প্রায় ৭৭ নটিক্যাল মাইল দক্ষিণে সোমালিয়ার জলসীমার ভেতরে নিয়ে যায়।
এ ঘটনায় সোমালিয়ার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা লোহিত সাগর অঞ্চলে নৌপথ ব্যবহারের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কারণ, উপসাগরের প্রবেশমুখে অবস্থিত হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণের কারণে বর্তমানে লোহিত সাগারের রুট আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Advertisement
আফ্রিকার শৃঙ্গ অঞ্চলের দেশ সোমালিয়া দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল। কেন্দ্রীয় সরকার একদিকে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর সঙ্গে সমন্বয়হীনতা এবং অন্যদিকে আল-কায়েদা-সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের হামলার মুখে রয়েছে।
একসময় সোমালিয়া জলদস্যুতার প্রধান কেন্দ্র ছিল, বিশেষ করে ২০১১ সালে এ ধরনের হামলা চরমে পৌঁছায়। পরে ইউরোপীয় ইউনিয়ন, ভারতসহ বিভিন্ন দেশের নৌবাহিনী মোতায়েনের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়।
তবে সাম্প্রতিক ঘটনাগুলো আবারও জলদস্যুতার ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ইউকেএমটিও জানিয়েছে, বৃহস্পতিবার একটি সোমালি পতাকাবাহী মাছ ধরার নৌকা ১১ জন সশস্ত্র ব্যক্তির হাতে ছিনতাই হয় এবং আলাদাভাবে আরেকটি তেলবাহী জাহাজে অস্ত্রধারীরা উঠে পড়ে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ঘটনাগুলো একসঙ্গে একটি বাস্তব জলদস্যু হুমকির ইঙ্গিত দিচ্ছে।
Advertisement
সূত্র: এএফপি
এমএসএম