দেশজুড়ে

সড়ক সংস্কারের দাবিতে মুখে কাপড় বেঁধে প্রতিবাদ

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাথা মোড় পর্যন্ত সড়কটি সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরীর জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

জানা গেছে, প্রায় পাঁচ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা। কয়েক বছর আগেই এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় গর্তে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, জাহাজ কোম্পানি থেকে সাতমাথা মোড় সড়কটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে এ সড়কে হাজারও মানুষ বাধ্য হয়ে চলাচল করছে। পুরো সড়কটি খানাখন্দে পরিপূর্ণ। প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। অথচ জনগুরুত্বপূর্ণ এ সড়কটি পুনঃনির্মাণের বিষয়ে উদাসীন রংপুর সিটি করপোরেশন।

Advertisement

মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ বলেন, দুই বছর ধরে সড়কটি পুনঃনির্মাণে বারবার আশ্বাস দেওয়া হয়েছে। মাঝে মধ্যে অর্থ বরাদ্দের কথা শোনা গেলেও অদৃশ্য কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না। দীর্ঘদিনেও সড়কটি পুনঃনির্মাণ না করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ চরম দায়িত্বহীন ও স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পরও স্থানীয় সরকার বিভাগ তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা বলতে কিছু নেই। মানুষ দুর্নীতি-লুটপাটে নিমজ্জিত আমলাতন্ত্রের স্বেচ্ছাচারিতা দেখতে চায় না। অবিলম্বে জাহাজ সড়কটি পুনঃনির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কমিটির সদস্য মাহফুজার রহমান, মেহেদী হাসান তরুণ, আমিন মোস্তাজীর, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পার্থ বোস, জিএল রায় রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক সেলিম চৌধুরী, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহে আলম রিপন, ব্যবসায়ী আশরাফুজ্জামান রাজু, আবেদ হোসেন প্রমুখ।

এদিকে সড়কটি সংস্কার প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান বলেন, সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী মাসে কাজ শুরু হবে বলে আশা করছি।

Advertisement

জিতু কবীর/এএইচ/এমএস