দেশজুড়ে

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলে মারা যাওয়ার মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

উপজেলার ২ নম্বর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শাহীন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোরে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় ছেলের মৃত্যুসংবাদ শুনে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি।

Advertisement

পরিবারের ধারণা, ছেলের মৃত্যুজনিত গভীর শোক তিনি সহ্য করতে পারেননি।

আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তাদের পৈতৃক বাড়ি হলেও তিনি কিছুদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।

শাহীনের ভাই শাহ আলম জানান, জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ও ছেলেকে খুব স্নেহ করতেন। রাজনৈতিক কারণে শাহীন গাজীপুরে থাকলেও নিয়মিত মাকে দেখতে আসতেন।

বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Advertisement

এসকে রাসেল/এমএন/জেআইএম