বিনোদন

পরিবার ও সন্তান নিয়ে আবেগঘন বার্তা সালমার

পরিবার, সন্তান ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ খবর প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

Advertisement

স্ট্যাটাসে সালমা জানান, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি গানের জগতে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও সংগীতশিল্পী পরিচয়কেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার ভাষায়, গানের মধ্যেই তিনি খুঁজে পান তার সংগ্রাম, কষ্ট ও ফেলে আসা দিনের গল্প।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে এই শিল্পী বলেন, সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, সম্পর্কেরও পরিবর্তন হয়েছে। তবে যে যার অবস্থানে থেকেও ভালো থাকার বিশ্বাস তিনি ধরে রেখেছেন।

সন্তান প্রসঙ্গে সালমা উল্লেখ করেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তার মেয়ে স্নেহার বাবার অবস্থান পরিবর্তনের পর সন্তানটি অনেকটা একাকী হয়ে পড়েছিল। একজন মা হিসেবে বিষয়টি মেনে নিতে না পেরে তিনি সন্তানের বাবার সঙ্গে কথা বলে স্নেহাকে নিজের কাছে নিয়ে আসেন।

Advertisement

স্ট্যাটাসে সাবেক স্বামী শিবলী সাদিকের প্রসঙ্গ টেনে সালমা বলেন, দেশের মানুষের কাছে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময়ই অসহায় মানুষের পাশে থেকেছেন। ব্যক্তিগত জীবনে নানা শূন্যতার মধ্য দিয়ে বড় হলেও তিনি মানুষের কল্যাণেই কাজ করে গেছেন বলে উল্লেখ করেন এই শিল্পী।

সম্প্রতি একটি পত্রিকায় স্নেহাকে নিয়ে ‘ভুল ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন সালমা। এ ধরনের সংবাদ প্রকাশকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, দুঃসময়ে কাউকে নিয়ে কিছু লেখার আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত।

তিনি আরও বলেন, একসময় যে সম্পর্কগুলো মানুষের গর্বের বিষয় ছিল, এখন সেগুলোই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এ ধরনের আচরণের নিন্দা জানান এই সংগীতশিল্পী।

সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের বাবাকে নিয়ে ‘উল্টাপাল্টা লেখা’ বন্ধ করার আহ্বান জানান সালমা। তার ভাষায়, “বাবার পরিচয় সন্তানের বড় পরিচয়। এসব ভুল খবর সবচেয়ে বেশি কষ্ট দেয় আমার সন্তানদের।”

Advertisement

আরও পড়ুন:বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি নতুন পরিচয়ে আরশ খান 

সবশেষে দেশের সবার মঙ্গল কামনা করে সালমা বলেন, তিনি ও তার পরিবার ভালো আছেন এবং সকলের কাছে দোয়া চান। পাশাপাশি গণমাধ্যমকে ভালো গানের কাজ ও ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার আহ্বানও জানান এই জনপ্রিয় শিল্পী।

এমএমএফ