ক্যাম্পাস

বাংলার পাশাপাশি যে কোনো একটি বিদেশি ভাষায় পারদর্শী হতে হবে

বাংলা ভাষার পাশাপাশি যে কোনো একটি বিদেশি ভাষায় পারদর্শী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই সভার আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এ এ এম কাওসার হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Advertisement

অনুষ্ঠানে ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ শুভেচ্ছা বক্তব্য দেন। অ্যাকাউন্টিং বিভাগের তাসনিম সুলতান হিমেল, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অনিক দে এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের রাফিহা তাহরিন ইসলাম নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এসময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের সঙ্গে তালমিলিয়ে নিজেদের আপডেট রাখতে হবে। দক্ষ মানবসম্পদ এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বাংলা ভাষার পাশাপাশি যে কোনো একটি বিদেশি ভাষায় শিক্ষার্থীদের পারদর্শী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। সময় ও সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারের মাধ্যমে নিজেদের যথাযথভাবে প্রস্তুত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিজনেস স্টাডিজ অনুষদ ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

এফএআর/ইএ