সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া রেলস্টেশন এলাকার ফুটওভার ব্রিজ ও কামারখন্দ হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটি উল্লাপাড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে এক যাত্রী ট্রেনের ছাদে থাকা অবস্থায় ফুটওভার ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের আনুমানিক বয়স ২২ থেকে ২৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
অন্যদিকে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনটি কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকা অতিক্রম করার সময় সেলিম (৫২) নামে এক কৃষক ট্রেনে কাটা পড়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় নিজের গরু বাঁচাতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় ট্রেনে কাটা পড়ে তার একটি গরুও মারা যায়। নিহত সেলিম হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার আলীর ছেলে।
সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। উল্লাপাড়ায় নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পৃথক দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Advertisement
এম এ মালেক/কেএইচকে/এমএস