জাতীয়

ফ্লোরিডায় নিহত লিমনের মরদেহ দেশে আনতে তৎপর দূতাবাস, বৃষ্টির খোঁজে জোর

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।

কামরুল ইসলাম ভূঁইয়া জানান, এরই মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট মরদেহ দ্রুত দেশে পাঠাতে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তবে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে কিছু সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুট বিবেচনা করা হচ্ছে।

Advertisement

অপরদিকে, নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আরও তথ্য সংগ্রহে দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম আরও জানান, ঘটনায় যুক্তরাষ্ট্রের হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যামামলা করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি, পরবর্তী পদক্ষেপে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয়ের আশ্বাসও দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Advertisement

এমইউ/এমএমকে