ধর্ম

ইমাম সিজদায় থাকলে কখন নামাজে শরিক হবেন?

প্রশ্ন: অনেক সময় আমরা মসজিদে গিয়ে দেখি, ইমাম সাহেব সিজদায় আছেন। এ রকম অবস্থায় কি তাকবিরে তাহরিমা বলে ইমামের সঙ্গে সিজদায় শরিক হবো, নাকি ইমামের দাঁড়ানোর অপেক্ষা করে ইমাম দাঁড়ালে নামাজ শুরু করবো?

Advertisement

উত্তর: মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম সিজদায় আছেন, তাহলে তখনই তাকবিরে তাহরিমা বেঁধে ইমামের সঙ্গে সিজদায় শরিক হবেন। ইমামের দাঁড়ানোর অপেক্ষা করবেন না। এটাই নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশনা।

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আপনারা নামাজে এসে যদি আমাদেরকে সিজদারত দেখতে পান, তাহলে আপনারাও সিজদা করবেন। তবে একে রাকাত গণ্য করবেন না। যে (ইমামের সঙ্গে) রুকু পেল, সে ওই রাকাত পেল। (সুনানে আবি দাউদ: ৮৯৩)

অর্থাৎ নামাজে ইমামের সাথে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সাথেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।

Advertisement

আরেক হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ইমামকে দাঁড়ানো অবস্থায় পেলে দাঁড়িয়ে যাবেন, বসা অবস্থায় পেলে বসে যাবেন, রুকুতে পেলে রুকুতে শরিক হবেন, সিজদায় পেলে সিজদায় শরিক হবেন আর বৈঠকে পেলে বৈঠকে শরিক হবেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৩৪৮৯)

এ দুটি হাদিস থেকে বোঝা যায়, ইমামকে সিজদারত অবস্থায় পেলে তখনই নামাজ শুরু করতে হবে। ইমামের দাঁড়ানোর অপেক্ষায় থাকা ঠিক নয়।

উল্লেখ্য, ইমাম সিজদায় থাকলে সিজদায় যেতে হবে তাকবিরে তাহরিমা বলে। নামাজের শুরুতে তাকবিরে তাহরিমা না বললে নামাজ শুদ্ধ হবে না। নামাজের জামাতে ইমাম রুকুতে বা সিজদায় চলে যাওয়ার পর কেউ যদি জামাতে শরিক হয়, তার জন্যও দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলে তারাপর রুকুতে যাওয়া জরুরি। কেউ যদি তাড়াহুড়া করে তাকবিরে তাহরিমা না বলেই সিজদায় চলে যায়, তার নামাজ শুদ্ধ হবে না।

আরেকটি জরুরি বিষয় হলো, নামাজের শুরুতে পূর্ণ তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় কিংবা দাঁড়ানোর কাছাকাছি থাকা অবস্থায় বলাও জরুরি। কেউ যদি তাকবিরে তাহরিমা বলতে বলতে সিজদায় চলে যায় এবং সিজদার কাছাকাছি চলে যাওয়ার পর তাকবিরে তাহরিমা শেষ হয় তাহলে তা শুদ্ধ হবে না। তাকবিরে তাহরিমা শুদ্ধ না হলে নামাজও শুদ্ধ হবে না।

Advertisement

তাকবিরে তাহরিমা বলার সময় হাত ওঠানো সুন্নত। ইমাম নববির মতে তাকবিরে তাহরিমার সময় হাত ওঠানো সুন্নাত হওয়ার ব্যাপারে উম্মাহর আলেমদের ইজমা বা ঐকমত্য রয়েছে। তবে এটা ওয়াজিব নয়, তাই ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে না। যদিও নামাজের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত পালনের সওয়াব থেকে নামাজ আদায়কারী বঞ্চিত হবে।

ওএফএফ