জাতীয়

চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩২) নামের একজন চা দোকানিকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মুখোশধারীরা।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি টং দোকানে চা-পান বিক্রি করতেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও ৩-৪টি মোটরসাইকেলে ১০-১৫ জনের মুখোশধারী একটি দল ওই এলাকায় আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা শাহাদাত হোসেনের দোকানের সামনে এসে পেছন থেকে হামলা চালায়।

Advertisement

হামলাকারীরা হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথায় ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সিএনজি ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

সেখানে আইসিইউ না থাকায় পরে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মোবারক হোসেন বলেন, আমার ভাই দোকানের সামনে চেয়ারে বসা ছিল। হঠাৎ ১০-১৫ জন মুখোশধারী এসে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

Advertisement

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএএইচ/এমকেআর