রাজনীতি

জনগণ যেভাবে ক্ষমতায় বসিয়েছে সেভাবে ছুড়েও ফেলতে পারবে

বিএনপিকে উদ্দেশ্য করে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘আপনারা ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, বিরোধীদল এবং মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন। মনে রাখবেন—মাত্র তিন-চার মাসের যাত্রায় আপনাদের হানিমুন পিরিয়ড যাচ্ছে। হানিমুন পিরিয়ড শেষ হলে বুঝতে পারবেন। জনগণ আপনাদের যেভাবে ক্ষমতায় বসিয়েছে ঠিক সেভাবে ক্ষমতা থেকে ছুড়েও ফেলতে পারবে।’

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, বিএনপি সরকার গঠনের পর এখন গণভোট বাস্তবায়ন করছে না। তারা নাকি চাপে পড়ে হ্যাঁ ভোট দিয়েছে। এরশাদ-হাসিনার পতনের মতো ঠিক একই পতন বিএনপির জন্য অপেক্ষা করছে। প্রতারণা করে সাময়িকভাবে আপনারা আনন্দ উদযাপন করলেও, আসলে আপনারা নিজেদের কবর নিজেরা খোঁড়া শুরু করেছেন।

তিনি বলেন, ২০০১ সালে বিএনপি সরকার যেভাবে নিজেদের নেতাকর্মীদের ওপর যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালিয়েছে, আমার মনে হয় তারেক রহমানও একই কাজ করতে বাধ্য হবেন। এটাই চরম বাস্তবতা।

Advertisement

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যে পথে চলেছে, বিএনপিও একই পথে চলছে। তবে, এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

হান্নান মাসউদ বলেন, জাতীয় নাগরিক পার্টি বঞ্চিত-লাঞ্চিত থেকে শুরু করে প্রতিটি মানুষের হয়ে কথা বলবে। মানুষ আমাদের পেছনে এসে দাঁড়াবে এবং আগামী ১০ বছরের ভেতর এনসিপি ক্ষমতায় যাবেই।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এনএস/এমএমকে

Advertisement