ম্যাচটি যতটা না গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের জন্য, তার চেয়ে অনেক বেশি বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা উদ্ধারের দৌঁড়ে বড় বাধা ছিল মোহামেডান। সেই বাধা টপকে পাঁচবারের চ্যাম্পিয়ন কিংস পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করলো। বৃহস্পতিবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে।
Advertisement
১৮ মিনিটে উজবেকিস্তানের মোজাফফরভের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। বিরতির বাঁশির ঠিক আগে গোলটি শোধ দিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে বসুন্ধরা কিংস। রাকিবের পাস থকে ফয়সাল আহমেদ ফাহিম করেন সমতাসূচক গোল।
মোহামেডান আগেই শিরোপা ধরে রাখার আশা ছেড়ে দিয়েছে। মাঝে কোচ আলফাজকে বরখাস্ত করে আবদুল কাইয়ুম সেন্টুকে দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেন্টু দায়িত্ব নেওয়ার পর লিগে ২ ও ফেডারেশন কাপে এক ম্যাচ জিতেছে সাদাকালোরা। তবে অপেক্ষাকৃত শক্তিশালী কিংসের কাছে হারতে হলো তাদের।
সমতায় ফেরার পর কিংস মরিয়া হয়ে উঠেছিল লিড নিতে। একের পর এক কর্নার আদায় করেও কাঙ্খিত গোলটি পাচ্ছিল না তারা। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটন সেই শুভক্ষণ এনে দেয় সাবেক চ্যাম্পিয়নদের। ফয়সাল আহমেদ ফাহিমের পাসে মোহামেডানের জাল কাঁপান এই গোলমেশিন।
Advertisement
বাকি সময়ে মোহামেডান ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। সৌরভ দেওয়ান ও বদলি রাফায়েল টুডুরা সেই সুযোগ কাজে লাগাতে না পারায় দুই ম্যাচ জয়ের পর হারতে হলো তাদের।
ম্যাচটি জিতলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে ওঠার সুযোগ ছিল মোহামেডানের। হেরে যাওয়ায় পয়েন্ট থাকলো ১৭ এবং অবস্থান আগের মতোই ছয়ে।
এদিকে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ব্রাদার্স ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। দুই দলেরই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। আরামবাগ সেই সুযোগকে ভালোভাবেই কাজে লাগতে পারতো। এক পর্যায়ে ২-০ গোলে লিড নিয়েও তারা ধরে রাখতে পারেনি।
১৪ মিনিটে কিজিতোর গোল এগিয়ে যায় আরামবাগ। বিরতির বাঁশির ঠিক আগ মুহূর্তে ঘানার বেনাশ ব্যবধান দ্বিগুণ করেন। ৫১ মিনিটে পেনাল্টি পেয়ে কাজে লাগান ব্রাদার্সের মহসিন আহমেদ। ৮০ মিনিটে মেরাজ প্রধানের গোলে এক পয়েন্ট পায় ব্রাদার্স।
Advertisement
দুই দলেরই পয়েন্ট ১৪ করে। তবে গোলগড়ে ব্রাদার্স সাত আর আরামবাগ আটে অবস্থান করছে। ম্যাচটি ড্র হওয়ায় দুই দলই রয়ে গেলে রেলিগেশনের ঝুঁকিতে। পিডব্লিউডি ১৩ আর ইয়ংমেন্স ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ৯ ও ১০ নম্বরে।
আরআই/এমএমআর