ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের মধ্যে সাশ্রয়ী দামে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩টি লটে দুটি প্রতিষ্ঠান থেকে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।
Advertisement
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবি’র কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য ৩টি লটে (প্রতিটি ৩ হাজার মেট্রিক টন করে) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ৩টি লটের বিপরীতে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে টিইসি’র সুপারিশে দুটি প্রতিষ্ঠান থেকে ৩টি লটে ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Advertisement
এর মধ্যে একটি লটে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর একটি লটে রাজশাহীর মেসার্স সালমান খুরশীদের কাছ থেকে প্রতি কেজি ৭৯ টাকা ৮৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৩ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আর একটি লটে রাজশাহীর ওই প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ৮১ টাকা ৯৯ পয়সা হিসেবে ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ২৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠকে এই ৯ হাজার মেট্রিক টন মসুর ডাল ৭২ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকায় কেনার অনুমোদন চাওয়া হলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে মসুর ডাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন। এরই মধ্যে ১ লাখ ১৫ হাজার ৮৫৬ মেট্রিক টন মসুর ডাল কেনা হয়েছে।
Advertisement
এমএএস/এমএমকে