দেশজুড়ে

জামায়াত একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা চায় না কেন: প্রিন্স

একাত্তরের ‌‘কৃতকর্মের’ জন্য দেশবাসীর কাছে জামায়াতে ইসলামীর ক্ষমা না চাওয়া নিয়ে প্রশ্ন ‍তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

Advertisement

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, স্বাধীনতার আগে ও পরের জামায়াত যদি এক না হয়ে থাকে, তারা যদি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে থাকে, তবে একাত্তরে স্বাধীনতার বিরোধিতা এবং পাক হানাদার বাহিনীকে সহযোগিতার অপরাধে দেশবাসীর কাছে ক্ষমা চায় না কেন?

তিনি বলেন, একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়াই প্রমাণ করে আগের ও পরের জামায়াত এক ও অভিন্ন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচুড়া চত্বরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমরান সালেহ প্রিন্স।

Advertisement

ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম