আইন-আদালত

হাইকোর্টে নারী-শিশু নির্যাতন মামলার শুনানিতে বিশেষ আইনজীবী প্যানেল

ঢাকার মিরপুরের শিশু হত্যাসহ অন্যান্য ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ রাষ্ট্রপক্ষের পাঁচজন আইনজীবী এ বিশেষ বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করবেন।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা জানান। তিনি নিজেই এসব মামলার শুনানি করবেন বলেও উল্লেখ করেন।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের মামলা পরিচালনার জন্য হাইকোর্টে রাষ্ট্রপক্ষের একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এই বিশেষ টিমের নেতৃত্ব দেবেন। অন্য চারজন হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ওসমান চৌধুরী, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল ও অ্যাডভোকেট হুমায়ুন কবির রিপন। 

Advertisement

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (ডেথ রেফারেন্স বা মৃত্যুদ- অনুমোদন ও আপিল) শুনানি করতে এর আগে গত বুধবার (৯ জুন) সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে এ বেঞ্চ গঠন করা হয়।

এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (১৪ জুন)  থেকে এ বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স (ডেথ রেফারেন্স) এবং একই রায় (অধস্তন আদালতের রায়) থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল এবং ওই রায় থেকে উদ্ভূত ফৌজদারি বিবিধ ও ফৌজদারি রিভিশন, রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।    

ঢাকার মিরপুরে শিশু ধর্ষণ ও গলা কেটে হত্যা মামলার রায়ে গত ৭ জুন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার একটি আদালত। ওই দিন রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির বরাত দিয়ে সাংবাদিকদের জানান, মানুষের যে উদ্বেগ (উচ্চ আদালতে আপিল শুনানিতে বিলম্ব) তা তিনি প্রধান বিচারপতির নজরে এনেছেন এবং প্রধান বিচারপতি এ সংক্রান্ত একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন বলে জানান।

এর পর সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এ বেঞ্চ।

Advertisement

এফএইচ/এমকেআর