আন্তর্জাতিক

প্রতিরক্ষা-বিনিয়োগ জোরদারে ফ্রান্স ও স্লোভাকিয়া যাচ্ছেন মোদি

জি-৭ সম্মেলনকে সামনে রেখে ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৩ থেকে ১৮ জুন ৬ দিনের সফরের উদ্দেশ্যে আজ শনিবার তিনি রওনা হবেন। মোদীর এই সফরে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি, বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ১৩-১৪ জুন ফ্রান্সের নিস সফর করবেন মোদি। ১৪ জুন নিসে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভারত-ফ্রান্স সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।

দি স্টেটসম্যানের তথ্য মতে, দুই নেতা যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই আয়োজনে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অংশ নেবে। ‘ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষ’ উপলক্ষ্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠান দুই দেশের উদ্ভাবনী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

এরপর ১৪ থেকে ১৬ জুন স্লোভাকিয়া সফর করবেন নরেন্দ্র মোদি। রবার্ট ফিকোর আমন্ত্রণে তিনি স্লোভাকিয়া যাবেন। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম স্লোভাকিয়ায় যাচ্ছেন ভারতীয় কোনো প্রধানমন্ত্রী।

Advertisement

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তথ্য মতে, স্লোভাকিয়া সফরে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা এবং নতুন সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির চেষ্টা করবেন মোদি ও ফিকো। এছাড়া স্লোভাক প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন ভারতের প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল ও রেলওয়ে উৎপাদন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

সফরের তৃতীয় পর্যায়ে মোদি আবার ফ্রান্সে ফিরে ১৬-১৭ জুন ইভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেবেন। সেখানে তিনি জি-৭ নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অংশীদার দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর ১৮ জুন তিনি প্যারিসে যাবেন এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক-এ অংশ নেবেন। এছাড়া প্যারিসে ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে তার বক্তব্য দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সফর ফ্রান্স, স্লোভাকিয়া এবং জি-৭ এর সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও গভীর করবে। একই সঙ্গে এটি বৈশ্বিক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে ভারতের অবস্থানকে তুলে ধরবে।

Advertisement

কেএম