টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলো, ওই গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুলছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ও ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু সাইকেল নিয়ে নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বিদ্যালয়ের পাশেই পুকুরে গোসল করতে নামে। গোসলের সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
আতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক জানান, গোসলের সময় সম্ভবত সাত বছরের ফয়সাল পানিতে ডুবে যায়। এরপর সেই ফয়সালকে উদ্ধার করতে আব্দুর রহমান যায়। সেখানে উদ্ধার কাজে ব্যর্থ হয়ে দুজনেই পানিতে মারা যায়। এরপর পথচারীরা একজনকে ভাসমান দেখে স্থানীয় লোকজনকে অবগত করেন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
Advertisement
এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ থানা আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে/এএসএম