ফিচার

চায়ের দোকানে শোনা যায় এমন ২০ সংলাপ

সকালে ঘুম থেকে উঠে অনেকেই দিন ধুরু করেন চায়ের কাপে চুমুক দিয়ে। এরপর নাস্তার পর, অফিসে কাজের ফাঁকে, বিকেলের আড্ডা, রাতের খাবারের পর কয়েক দফায় চলে চা খাওয়া। তবে অনেকেই আছেন বাড়িতে নয়, চা খেতে পছন্দ করেন চায়ের দোকানে গিয়ে। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে চা খাওয়া কিংবা চা খেতে খেতে বন্ধুত্ব।

Advertisement

বাংলাদেশে চায়ের দোকান শুধু চা খাওয়ার জায়গা নয় এটি এক ধরনের জীবন্ত সামাজিক মঞ্চ। গ্রামের মোড়, শহরের গলি, কলেজ ক্যাম্পাস কিংবা অফিসের পাশের টং দোকান সবখানেই চায়ের কাপকে ঘিরে জমে ওঠে আড্ডা, তর্ক, হাসি, রাজনীতি, খেলা আর ব্যক্তিগত জীবনের হাজারো গল্প।

চায়ের দোকানের আড্ডার ভিড়ে এক আলাদা গল্প হলো প্রেমিক-প্রেমিকার চা খাওয়ার দৃশ্য। কলেজের সামনে ছোট চায়ের দোকান হোক বা পার্কের কোণায় দুই কাপ চায়ের আড়ালে চলে চোখে চোখে কথা বলা, অল্প লজ্জা আর দীর্ঘ নীরবতা। অনেক সময় এক কাপ চা ভাগ করেও খাওয়া হয়, যেখানে চায়ের স্বাদ কম হলেও অনুভূতির গভীরতা থাকে বেশি।

সবচেয়ে মজার বিষয় হলো, জায়গা বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু সংলাপ চায়ের দোকানে যেন চিরস্থায়ী হয়ে গেছে। এগুলোই এক কাপ চায়ের সঙ্গে মিশে তৈরি করে আমাদের দৈনন্দিন সংস্কৃতি।

Advertisement

আরও পড়ুন চা খেলে ঘুম হয় না, এ কথা কি সত্যি? ১. মামা, এক কাপ চা দেন তো!

আড্ডার আনুষ্ঠানিক সূচনা হয় এই বাক্য দিয়েই। এরপরই শুরু হয় গল্পের মহাযাত্রা।

২. একটায় চিনি কম, একটায় বেশি

চিনি কম চাইলেও বাস্তবে চায়ের সঙ্গে মিষ্টি স্মৃতি বাড়তেই থাকে।

৩. আজকে চা আমার তরফ থেকে

বন্ধুদের আড্ডায় সবচেয়ে জনপ্রিয় ঘোষণা, আবার পরের দিনই হিসাবের চাপও আসে।

৪. মামা বিলটা খাতায় লিখে রাখেন

বাংলাদেশের বহু চায়ের দোকানে এই খাতা ব্যবস্থা আছে। যার অনেকটাই সেই খাতায়ই বন্দি থাকে।

Advertisement

৫. এক কাপই খাব, তারপর চলে যাব

এই ‘এক কাপ’ সাধারণত তিন কাপ এবং দুই ঘণ্টার আড্ডায় রূপ নেয়।

৬. ভাই, শুনছেন খবরটা?

দেশের সবচেয়ে দ্রুত ছড়ানো সংবাদ মাধ্যম অনেক সময় এই চায়ের দোকানই।

৭. আমি আগেই বলেছিলাম!

খেলা, রাজনীতি বা বাজার-সব জায়গার চূড়ান্ত আত্মবিশ্বাসী মন্তব্য।

৮. এই দেশের কিছু হবে না!

হতাশা প্রকাশের সবচেয়ে পরিচিত বাক্য, যা প্রায় প্রতিদিনই শোনা যায়।

৯. আসল ঘটনা কেউ জানে না

এরপরই শুরু হয় গল্পের সবচেয়ে রোমাঞ্চকর সংস্করণ।

১০. মামা আরেক কাপ দাও

‘আরেক কাপ’ শব্দটি এখানে শুধু শিষ্টাচার; বাস্তবে এর কোনো সমাপ্তি নেই।

১১. গরম গরম দেন কিন্তু!

চায়ের তাপমাত্রাই আড্ডার গতি নির্ধারণ করে।

১২. খেলার রেজাল্ট দেখছেন ভাই?

বিশ্বকাপ, বিপিএল কিংবা স্থানীয় টুর্নামেন্ট সবকিছুর বিশ্লেষণ চলে চায়ের কাপে চুমুক দিতে দিতে।

১৩. ওই খেলোয়াড়কে নামানোই ভুল হয়েছে

দেশের প্রায় প্রতিটি চায়ের দোকানে অন্তত একজন স্বঘোষিত কোচ থাকেন।

১৪. একটা বিস্কুট দেন

চা আর বিস্কুট এই যুগলবন্দি চায়ের দোকানের অবিচ্ছেদ্য অংশ।

১৫. এখনকার ছেলেপেলেরা কিছুই জানে না

প্রজন্মের ব্যবধান বোঝানোর চিরন্তন সংলাপ।

আরও পড়ুন ১৮০ বছর আগে যেভাবে চা এলো দেশে ১৬. আগের দিনই ভালো ছিল

নস্টালজিয়ার সবচেয়ে সহজ প্রকাশ।

১৭. কী যে দিনকাল পড়েছে!

বাজারদর থেকে আবহাওয়া-সব সমস্যার সারসংক্ষেপ।

১৮. মামা, ফোনটা একটু চার্জে দেই?

আধুনিক চায়ের দোকানের নতুন বাস্তবতা।

১৯. চা-ওয়ালা ভাই, টিভিটা একটু বাড়ান

খেলা বা ব্রেকিং নিউজের সময় এই বাক্য প্রায় বাধ্যতামূলক।

২০. চল, আরেক কাপ চা খাই

সব আড্ডার শেষ নয় বরং নতুন আড্ডার সূচনা।

কেএসকে