বিনোদন

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ব্যতিক্রমী উদযাপন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন দেশের তারকারাও। তাদের মধ্যে অন্যতম ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। বরাবরের মতো এবারও নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন তিনি।

Advertisement

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর ছেলে পুণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি প্রকাশ করেছিলেন পরীমনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ এবার আর্জেন্টিনাকে ঘিরে আরও ভিন্নধর্মী একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে দেখা যায় পরীমনিকে। জার্সির সামনে ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি বিশেষ সংগীত।

ভিডিওটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন অনুকরণ করা। গানে যখন যে খেলোয়াড়ের নাম উচ্চারিত হয়েছে, পরীমনি তখন সেই ফুটবলারের পরিচিত উদযাপন বা ভঙ্গি নকল করে দেখিয়েছেন। মাঠের আসল ফুটেজের সঙ্গে তার এই উপস্থাপনা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Advertisement

ভিডিওতে পরীমনিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, নাহুয়েল মোলিনার উল্লাস, ক্রিস্তিয়ান রোমেরো ও মার্কোস সেনেসির পরিচিত ভঙ্গি অনুকরণ করতে দেখা যায়। এছাড়াও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গনসালেসের সিগনেচার স্টাইলও তুলে ধরেছেন তিনি।

ভিডিওর শেষাংশে আর্জেন্টিনার জার্সি গায়ে ও শরীরে দলের রঙ মেখে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমনি। তার এই ব্যতিক্রমী উদযাপন ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

পোস্টটির মন্তব্য ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। আর্জেন্টিনা সমর্থকরা যেমন তার এই ফুটবলপ্রেমের প্রশংসা করেছেন, তেমনি ব্রাজিল সমর্থকরাও মজার মজার মন্তব্য করে আলোচনায় অংশ নিয়েছেন। বিশ্বকাপের আবহে পরীমনির এই বিশেষ ভিডিও এখন ভক্তদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

এমআই/এএসএম

Advertisement