রাজনীতি

অপপ্রচারের অভিযোগ: চট্টগ্রামে এনসিপি নেত্রীর মানহানির মামলা

অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিন।

Advertisement

গত রোববার (২১ জুন) চট্টগ্রামের একটি আদালতে মামলাটি করেন তিনি। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলার তদন্তভার দিয়েছেন।

মামলায় এনসিপির চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব শক্তির সাবেক সিনিয়র যুগ্ম-সদস্যসচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ এবং এনসিপির কর্মী সানজিদা সুলতানা ইভার নাম উল্লেখ করে আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৪ জুন রাতে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে অশোভন আচরণ ও হত্যার হুমকির অভিযোগ এনে সানজিদা সুলতানা ইভা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সংবাদ সম্মেলন করে তিনি সাদিয়া আফরিন ও এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের বিরুদ্ধে বক্তব্য দেন।

Advertisement

সাদিয়া আফরিনের দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মামলায় উল্লেখ করা হয়েছে, বিভিন্ন তথ্য-উপাত্ত, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় অভিযোগকারীর বক্তব্যের সঙ্গে বাস্তব ঘটনার অসংগতি পাওয়া গেছে।

এ ঘটনার সত্যতা যাচাইয়ে এনসিপি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানানো হয়েছে।

সাদিয়া আফরিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আমি আশা করি।

এমআরএএইচ/ইএ

Advertisement