খেলাধুলা

আর্জেন্টিনার মুখোমুখি হলে দারুণ হবে: রোনালদো

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে দাপট দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্লাব ফুটবলে অসংখ্যবার মুখোমুখি হলেও বিশ্বকাপের মঞ্চে তাদের সরাসরি লড়াই কখনো দেখা হয়নি। তবে ২০২৬ বিশ্বকাপ সেই বহুল প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করতে পারে।

Advertisement

পর্তুগালের হয়ে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৫-০ ব্যবধানে জেতানোর পর রোনালদো বলেছেন, নকআউট পর্বে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে 'অসাধারণ' অভিজ্ঞতা। ৪১ বছর বয়সী রোনালদো এই বিশ্বকাপে নিজের সমালোচকদের জবাব দিয়েছেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে দুই গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। একই সঙ্গে পর্তুগালের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন। অন্যদিকে ৩৯ বছরে পা দেওয়া মেসিও দুর্দান্ত ছন্দে আছেন। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন। তার গোলসংখ্যা এখন ১৮, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপের ড্র অনুসারে আর্জেন্টিনা ও পর্তুগাল নিজেদের গ্রুপে শীর্ষে থেকে পরবর্তী ধাপগুলো পেরোতে পারলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারে। ফুটবলপ্রেমীরা তাই এখন থেকেই অপেক্ষা করছেন ইতিহাসের অন্যতম সেরা দুই তারকার শেষ বিশ্বকাপ দ্বৈরথ দেখার আশায়। রোনালদো অবশ্য ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার চেয়ে ম্যাচটির মাহাত্ম্যকেই বড় করে দেখছেন। তিনি বলেন , 'যদি এমন ম্যাচ হয়, তাহলে সেটি শুধু দুই খেলোয়াড়ের লড়াই হবে না; বরং ফুটবল ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।' সময়ের হিসেবে হয়তো এটাই মেসি-রোনালদো যুগের শেষ বিশ্বকাপ। কিন্তু দুজনের পারফরম্যান্স বলছে, বয়স কেবল সংখ্যা মাত্র। একজন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, অন্যজন ছয় বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার। এখন শুধু অপেক্ষা— ফুটবল কি উপহার দেবে সেই স্বপ্নের মহারণ, যেখানে শেষবারের মতো মুখোমুখি হবেন মেসি ও রোনালদো?

টিটিটি/এসকেডি/এএসএম

Advertisement