জাতীয়

হালদায় বিশেষ অভিযানে ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর মা মাছ ও প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে ৬ হাজার মিটার অবৈধ ভাসা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।

Advertisement

বুধবার (২৪ জুন) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হালদা নদীর রামদাস মুন্সীর হাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় নদী থেকে চারটি অবৈধ ভাসা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার মিটার। পরে রামদাস মুন্সীর হাট এলাকায় হালদা নদীর তীরে সর্বসাধারণের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী ও হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান। এসময় নৌ পুলিশের এএসআই রমজান আলীসহ একটি দল এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর ও হাসান মুরাদ অংশ নেন।

Advertisement

মো. শওকত আলী বলেন, হালদা নদীকে কার্পজাতীয় মাছসহ সব ধরনের মাছের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধে এবং মা মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমকেআর