ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সদস্য দুই নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান অভিযানটি পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের রাসেল মিয়ার স্ত্রী দিল রুবা সুলতানা (২৫) এবং সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মৃত আবুল কালামের মেয়ে পলি আক্তার (২২)।
স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রভাবিত করে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল দালালচক্রটির বিরুদ্ধে। এতে সাধারণ রোগী ও তাদের স্বজনরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে হাসপাতাল এলাকায় নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার আকস্মিক অভিযানে তাদের হাতেনাতে আটক করে উপজেলা প্রশাসন।
Advertisement
নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, রোগীদের হয়রানি বা বিভ্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না। হাসপাতাল দালালমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হোসাইন সুলভ/এসআর/জেআইএম