নেত্রকোনা পৌর শহরের সরকারি কৃষি ফার্ম এলাকা থেকে দিনের বেলায় গরু চুরির অভিযোগ উঠেছে। চুরির ঘটনা সড়কের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Advertisement
ভুক্তভোগী এসএম মহিদুর রহমান টিপু বলেন, ‘প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গরুটি সরকারি কৃষি ফার্মে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাই। এরপর পাশের একটি দোকানে চা খেতে গেলে সেই সুযোগে কেউ গরুটি নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরও গরুর সন্ধান না পেয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি দোকান থেকে সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে একজন ব্যক্তিকে গরুটি নিয়ে যেতে দেখা গেছে।’
এ ঘটনায় ভুক্তভোগী নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, আশা করছি পুলিশ দ্রুত গরুটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে গ্রেফতার করবে।
স্থানীয় বাসিন্দা তানভীর চৌধুরী বলেন, ‘জেলা পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে দিনের বেলায় গরু চুরির ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।’
Advertisement
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, ‘এখনও অভিযোগটি পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।’
এইচ এম কামাল/এএইচ/এএসএম